প্রিন্ট এর তারিখঃ May 30, 2026 ইং || প্রকাশের তারিখঃ Mar 26, 2026 ইং
গোয়াইনঘাটে রাস্তার পাশ থেকে অবৈধভাবে বালু বিক্রি: ধ্বংসের মুখে চলাচলের পথ

নিজস্ব প্রতিবেদক, গোয়াইনঘাট:
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় সরকারি খাস জায়গা ও জনচলাচলের রাস্তার পাশ থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রির অভিযোগ উঠেছে স্থানীয় দুই প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে। এতে করে জনসাধারণের একমাত্র চলাচলের রাস্তাটি এখন ধ্বংসের মুখে পড়েছে।
ঘটনাটি ঘটেছে গোয়াইনঘাট সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের দ্বারিখেল গ্রামে। অভিযুক্তরা হলেন— ওই গ্রামের মৃত সয়ফুল্লাহ’র দুই ছেলে হেলাল উদ্দিন ও জিলানী।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে হেলাল উদ্দিন ও জিলানী সিন্ডিকেট করে সরকারি খাস জায়গা এবং মানুষের চলাচলের রাস্তার একদম পাশ থেকে ট্রলি দিয়ে বালু উত্তোলন করছেন। সংগৃহীত এই বালু তারা প্রতি ট্রলি ৩০০ টাকা দরে বিভিন্ন স্থানে বিক্রি করছেন। এছাড়া হেলাল উদ্দিন নিজের বাড়ির কাজেও এই বালু ব্যবহার করছেন বলে অভিযোগ উঠেছে।
এলাকাবাসীর অভিযোগ, অপরিকল্পিতভাবে রাস্তার পাশ থেকে বালু উত্তোলনের ফলে রাস্তাটি ধসে পড়ছে এবং সাধারণ মানুষের চলাচলে চরম ভোগান্তি সৃষ্টি হচ্ছে। স্থানীয়রা এই বালু উত্তোলনে বাধা দিলে হেলাল ও জিলানী চড়াও হন। তারা প্রতিবাদকারী গ্রামবাসীদের অশ্লীল ভাষায় গালিগালাজসহ বিভিন্ন ধরনের ভয়ভীতি ও মারধরের হুমকি দেন বলে জানা গেছে।
ভুক্তভোগী এলাকাবাসী জানান, "এটি আমাদের গ্রামের যাতায়াতের একমাত্র রাস্তা। এভাবে বালু তোলা হতে থাকলে বর্ষা মৌসুমে পুরো রাস্তাটি ধসে বিলীন হয়ে যাবে। আমরা প্রতিবাদ করলে তারা আমাদের ওপর চড়াও হয়। আমরা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করছি।"
এ বিষয়ে ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য সোনা মিয়া বলেন, "রাস্তার পাশ থেকে বালু উত্তোলনের বিষয়টি আমি শুনেছি। জনসাধারণের চলাচলের রাস্তা নষ্ট করে বালু উত্তোলন করা কোনোভাবেই কাম্য নয়। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাব।"
এদিকে, বালু উত্তোলনের বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত হেলাল উদ্দিনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। ফলে তার কোনো বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
স্থানীয় সচেতন মহল মনে করছেন, দ্রুত এই অবৈধ বালু উত্তোলন বন্ধ না করলে সরকারের গ্রামীণ অবকাঠামো উন্নয়নের এই গুরুত্বপূর্ণ রাস্তাটি অচিরেই চলাচলের অনুপযোগী হয়ে পড়বে। তারা এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভূমি কার্যালয়ের দৃষ্টি আকর্ষণ করেছেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক উত্তর সিলেট ২০২৬